নিজস্ব প্রতিনিধি
দেশের সব গার্মেন্টস শিল্প-কারখানার শ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালু করার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ দাবি জানিয়ে মানববন্ধন করে সংগঠনটির নেতাকর্মীরা।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য সোমা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী 'গার্মেন্ট শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য খাদ্য নিরাপত্তাসহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করা অতীব জরুরি। বাংলাদেশের পোশাকশিল্প আন্তর্জাতিক বাজার প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে। অথচ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে শ্রমিকদের জীবনে চরম সংকট বিদ্যমান। এ সংকট সমাধান এবং সুষম শ্রমশক্তির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এমতাবস্থায় শ্রমিক, শিল্প ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রতিটি কারখানায় রেশনিং প্রথা চালু করে সব শ্রমিকদের জন্য চাল, ডাল, তেল, আটা ও শিশুখাদ্য প্রদান অত্যাবশ্যকীয় জাতীয় কর্তব্য হয়ে পড়েছে।
তাই প্রতিটি গার্মেন্ট শিল্পে সব শ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালু করার জন্য বিশেষভাবে সংশ্লিষ্টদের অনুরোধ জানান তারা। মানববন্ধন শেষে শ্রমিকদের পক্ষ থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।