মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
অফিসার ও ফোর্সের কল্যাণ এবং মানসম্মত খাবার ও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নোয়াখালী পুলিশ লাইন্সের মেস আকস্মিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দীন।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে তিনি পুলিশ লাইন্সের মেস পরিদর্শন করেন। এ সময় অফিসার ও ফোর্সের জন্য প্রস্তুত করা খাবারের মান, পরিমাণ, পুষ্টিগুণ, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং খাবার পরিবেশনের সার্বিক ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার।
পরিদর্শনকালে তিনি খাবারের গুণগত মান ও পুষ্টিগুণ বজায় রাখা, মেসের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখা এবং সুষ্ঠুভাবে খাবার পরিবেশন নিশ্চিত করতে মেস ম্যানেজারসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।