নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর জেলা প্রতিনিধি - ইমরান হক
জুলাই গণ-অভ্যুত্থানে চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকার (৫২) হত্যায় প্রধান আসামি আওয়ামী লীগ নেতা মনির হোসেন মিঠু কাজীকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
০২ জুলাই বুধবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার মনির হোসেন হাজীগঞ্জ উপজেলা সদরের টোরাগড় এলাকার কাজীবাড়ির মৃত হেন্দু মিয়া কাজীর ছেলে। তিনি হাজীগঞ্জ পৌর আ.লীগের যুগ্ম আহ্বায়ক ও ৮ নম্বর ওয়ার্ড আ.লীগ সভাপতি। হাজীগঞ্জ থানার পুলিশ জানায়, মনির হোসেন দীর্ঘদিন পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এ মামলায় এর আগে হাজীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি হেলালউদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসানসহ কয়েকজন কারাগারে। এ ছাড়া মামলার আরও কয়েকজন আসামি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত আছেন।
গত বছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় এলাকায় পৌরসভার সামনে বিএনপি নেতা ও ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি আহম্মেদ কবিরের (হিমেল) বাবা আজাদ সরকারকে কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর ছেলে আহম্মেদ কবির বাদী হয়ে ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এজাহারে আ.লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ নেতা–কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫ জনকে আসামি করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান বলেন, আজ ০৩ জুলাই বৃহস্পতিবার মনির হোসেন মিঠু কাজীকে আদালতে পাঠানো হবে।