নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর জেলা প্রতিনিধি - ইমরান হক
চাঁদপুরে ইলিশ মাছের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও বাজারে ব্যবসায়ী চক্রের ইচ্ছেমতো দাম নির্ধারণে দৃষ্টিপাত করেছে সরকার। বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি প্রদান করা হয়েছে, যাতে প্রস্তাবিত ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করে অগ্রগতির তথ্য জানাতে বলা হয়েছে।
০১ জুন রোজ বুধবার চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
২৬ জুন ২০২৫ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহমুদ উল্ল্যাহ মারুফ স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, জুন ২০২৫-এর প্রথম পক্ষের গোপনীয় পাক্ষিক প্রতিবেদনের ভিত্তিতে প্রস্তাবটি মাননীয় প্রধান উপদেষ্টার নিকট উপস্থাপন করা হয় এবং তিনি তা অনুমোদন করেন।
চিঠিতে বলা হয়, চাঁদপুরের ইলিশের সুনামকে কেন্দ্র করে কিছু অসাধু আড়ৎদার ও ব্যবসায়ী দামের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে, যা সাধারণ ক্রেতাদের জন্য ইলিশ মাছকে বিলাসিতায় রূপান্তর করেছে।
তবে শুধু চাঁদপুর নয়, বরিশাল, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা ও ঝালকাঠিসহ উপকূলীয় অঞ্চলেও ইলিশ আহরণ হয়। তাই শুধু চাঁদপুরে মূল্য নির্ধারণের উদ্যোগ নিলে তা তেমন কার্যকর হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এছাড়া আরও বলা হয়, ইলিশ মাছ প্রাকৃতিকভাবে আহরিত হয় এবং এর জন্য জেলেদের উৎপাদন খরচ না থাকলেও বাজারে দাম বাড়িয়ে দিচ্ছে অসাধু সিন্ডিকেট। তাই ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন ব্যয়ের ভিত্তিতে বাস্তবসম্মত মূল্য নির্ধারণ এখন সময়ের দাবি।
চিঠির শেষাংশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।